দুই দিনের টানা বর্ষণে শহরজুড়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর ফলে শহরবাসী চরম দুর্ভোগে পড়েছেন।

একাধিক শহরবাসী জানান, ১৪৩ বছরের পুরনো শেরপুর পৌরসভায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে না ওঠায় সামান্য বৃষ্টিতেই শহরজুড়ে জলাবদ্ধতা দেখা দেয়। শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত টানা বর্ষণে পৌর এলাকার চকবাজার, মাধবপুর, খরমপুর, টিক্কাপাড়া, চাপাতলী, মুন্সিবাজার, বাগরাকসা, গৌরীপুর, ঢাকলহাটি, গৃদানারায়ণপুর, গাঙ্গিনাপাড়, শেখহাটি, বাগবাড়ী, চকপাঠকসহ বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে যায়।

এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ কর্মস্থলে যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, মহিলা ও বৃদ্ধরা।

পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান বলেন, ভারী বর্ষণের কারণে সামান্য জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি থেমে গেলে তা কমে যাবে। এছাড়া জলাবদ্ধতা নিরসনে আগামীতে বৃহৎ পরিকল্পনা নেওয়া হবে।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই