ঝালকাঠিতে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শাহনাজ আক্তার (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টায় শহরের পেট্রোলপাম্প মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

শাহনাজ আক্তার নলছিটির রায়াপুর এলাকার জামাল হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝালকাঠির ফায়ার সার্ভিস মোড় থেকে রায়াপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া অটোরিকশাটি পেট্রোলপাম্প মোড়ে পৌঁছলে বরিশাল থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক মো. শহিদ (৪৮), যাত্রী শাহনাজ আক্তার (৪০), পারভীন আক্তার (৪০), কোহিনুর বেগম (৪৫) ও পিকআপ চালক রুবেল (৩০) আহত হন। আহতদের মধ্যে দুই নারীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুই চালককে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে অবস্থার অবনতি হলে শাহনাজ আক্তারকে ঢাকায় পাঠানোর সময় গৌরনদী এলাকায় তার মৃত্যু হয়। পুলিশ পিকআপ ও চালক রুবেলকে আটক করে। আহত রুবেল ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, এ ঘটনায় পিকআপ চালককে আটক করা হয়েছে। এখনো কেউ মামলা করেনি। মামলা হলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

এবিএস