দোলযাত্রা বা দোল পূর্ণিমা (হোলি) উপলক্ষে ভারতে ছুটি থাকায় রোববার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল।
বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দোলযাত্রা বা দোল পূর্ণিমা একটি বৈষ্ণব উৎসব। বসন্তের এই উৎসবটি ‘হোলি’ নামে পরিচিত। অশুভ শক্তির বিনাশ হিসেবে ‘হোলি উৎসব’ হয়ে থাকে। এই উৎসবের কারণে আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় গেছেন। ফলে শনিবার দুপুরের পর থেকেই সকল কাজে ভাটা পড়েছে। রোববার এ পথে কোনো আমদানি-রপ্তানি হয়নি।
সোমবার সকাল থেকে পুরোদমে আবারো চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা তিতুমির আহম্মেদ বলেন, ‘ভারতে হোলি উৎসবের ছুটির জন্য রোববার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে কোনো আমদানি-রপ্তানি হয়নি। ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ শনিবার বিকেলেই আমাদের জানিয়ে দিয়েছে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে কার্যক্রম চলবে। পণ্য খালাস করতে আসা ভারতীয় ট্রাকগুলো ওপারে ফেরত যেতেও কোনো বাধা নেই।
নাসির/জারিফ





