ভারতীয় সংবিধানের ৩৭০ ও ৩৫ এর (ক) ধারা বাতিল করে মোদি সরকার কাশ্মীরীদের স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারীরা কাশ্মীরের স্বাধীনতা দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করে। এ সময় তারা ‘কাশ্মীর চায় আজাদী’; ‘কাশ্মীরের বীর জনতা লও লও লও সালাম’; ‘কাশ্মীরের বীর জনতা আমরা আছি তোমার সাথে’ ইত্যাদি স্লোগান দেয়।

বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে বক্তারা বলেন, কাশ্মীরে আমাদের ভাইবোনেরা বছরের পর বছর অত্যাচারিত হয়ে যাচ্ছে, এসবের শেষ চাই। আমরা চাই আজাদ কাশ্মীর। চাই স্বাধীনভাবে বেচে থাকার অধিকার।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, ‘আমরা কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান চাই। এটা বিশ্বের সবচেয়ে দীর্ঘ দিনের সমস্যা। কাশ্মীর নিয়ে আর কোন তালবাহানা চলবে না। যখনই কোনো দেশের সমস্যা হয় জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। কিন্তু কাশ্মীরে হামলা হয়, সেখানে জাতিসংঘ চুপ কেন?’

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক রায় ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল হাসানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।

মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, কেন্দ্রীয় লাইব্রেরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

 

এএস