দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের জমি দখলের পর গাছ রোপণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত মো. আমিনুল ইসলাম বাবু (৫০) মারা গেছেন। শুক্রবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার কুশদহ ইউনিয়নের গিলাঝুকি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম বাবু পাবর্তীপুর উপজেলার মাকইপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে।

কুশদহ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আজিজুল হক জানান, ১০ বছর আগেও বন বিভাগের ওই জমিতে বাগান ছিল। এখন গিলাঝুকি এলাকার ভূমিহীনদের দখলে।

কিন্তু পাশের পার্বতীপুর উপজেলার মাকইপাড়া ও মাহাতাব পাড়ার লোকজন বন বিভাগের ওই জমিতে গাছ রোপণ করতে এলে দু’পক্ষের সংঘর্ষ বাধে। এতেই প্রতিপক্ষের আঘাতে একজন নিহত হয়।

মধ্যপাড়া সদর বিট কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, কুশদহ ইউনিয়নের গিলাঝুকি এলাকার বন বিভাগের ২০ বিঘা জমি দীর্ঘদিন থেকে নবাবগঞ্জের গিলাঝুকি গ্রামের লোকজনের দখলে।

ওই জমিতে বন বিভাগের পক্ষ থেকে গাছ রোপণের সিদ্ধান্ত নেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পাবর্তীপুর উপজেলার মাকইপাড়া ও মাহাতাব পাড়ার ২০ জনের একটি দল গাছ রোপণ করতে যায়। এ সময় দুপক্ষের সংঘর্ষে ২০ জন গুরুতর আহত হয়।

আফতাবগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, সংঘর্ষে আহত আমিনুল ইসলাম বাবু চিকিৎসাধীন অবস্থায় রমেক হাসাপাতালে মারা গেছে। অন্য আহতরা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সংঘর্ষে হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এআর