ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর ভোট ডাকাতি ও ব্যাপক জালভোটের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন বিএনপি সমর্থিত কারাবন্দি মাহতাব উদ্দিন আহমদ চৌধুরী মিনার।
রোববার দুপুর সাড়ে ১২টায় মিনার চৌধুরীর বাসভবন ‘মিনার কটেজ’ এ সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন তার নির্বাচনী সমন্বয়ক সাজু চৌধুরী।
সাজু বলেন, ভোটারদের কেন্দ্রে না আসতে পথে পথে বাধা দেয়া হয়েছে। বেশিরভাগ কেন্দ্র থেকে আনারস প্রতীকের অ্যাজেন্টদের বের করে দেয়া হয়েছে।
বিপুল সংখ্যক সশস্ত্র বহিরাগতরা কেন্দ্র দখল করে প্রতিদ্বন্দ্বী সরকার দলীয় প্রার্থী আবদুল আলিমের দোয়াত কলম প্রতীকে একতরফা সিল মেরে বাক্স ভর্তি করে। এসব ব্যাপারে প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা না নিয়ে নিরব দর্শকের ভূমিকায় রয়েছে।
মিনার চৌধুরীর সুনিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে বলেও সাজু চৌধুরীর দাবি।
২০ মে উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে নৃশংসভাবে হত্যার পর এ উপজেলার চেয়ারম্যান পদ শূণ্য ঘোষণা করে তফসিল ঘোষণা করা হয়।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





