সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনির বাহিনীর প্রধান মনির ও তার সহযোগী নুরুল ইসলাম ওরফে ভোলা নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে সুন্দরবন পূর্ববিভাগের চাঁদপাই রেঞ্জের উড়ুবুনিয়া খাল এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় দেশি বিদেশি ১৮টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- একনলা বন্দুক পাঁচটি, সাতটি ওয়ান শ্যুটার গান, চারটি কাটা রাইফেল, একটি দোনালা বন্দুক, একটি পয়েন্ট টু টু বোর রাইফেল, ৪০৬ রাউন্ড গুলি ও ৩৩ রাউন্ড গুলির খোসা।

র‌্যাব-৮ এর অপারেশন অফিসার মেজর হাসিবুল হক বলেন, ‘সুন্দরবনে নিয়মিত টহলের সময় জেলেদের মাধ্যমে র‌্যাব জানতে পারে উড়ুবুনিয়া এলাকায় বনদস্যু মনির বাহিনীর সদস্যরা অবস্থান করছে। পরে র‌্যাব সেখানে সকাল সাড়ে ৭ টার দিকে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের পর বনদস্যুরা পিছু হটে গেলে ঘটনাস্থলে তল্লাসি চালিয়ে দুই বনদস্যুর লাশ উদ্ধার করা হয়।

পরে জেলেদের মাধ্যমে নিহত বনদস্যু মনির বাহিনীর প্রধান মনির ও তার সহযোগী নুরুল ইসলাম ওরফে ভোলার পরিচয় নিশ্চিত হয়েছে র‌্যাব। মনিরের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়। তবে ভোলার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।’

এমকে