বগুড়ায় মহাসড়কে যাত্রীবাহী বাসের ছাদ থেকে দু’টি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত একজন হলেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার খোদাতপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৫২)। অপর জনের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বাসের চালক ও বাসটি আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা নিউ সাফা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া তিনমাথা রেলগেট এলাকায় পৌঁছলে বাসের ছাদ থেকে রক্ত গড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে পুলিশের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ফাঁড়ীর ইনচার্জ এস আই শাহ আলম বাসটি থামানোর পর ছাদের উপর দু’টি লাশ দেখতে পান। এ ঘটনায় বাসসহ বাসের চালক ইসরাফিল (৩৫) কে পুলিশ আটক করেছে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ফাঁড়ীর ইনচার্জ এসআই শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চলন্ত বাসে গাছের ডালের আঘাতে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এআই





