সিলেটে ট্রেনের নিচে কাটা পড়েএক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম আয়েশা বেগম (৪০) বলে জানা যায়।

শনিবার বেলা সোয়া ২ টায় নগরীর দক্ষিণ সুরমা শিববাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়েশা সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের নৈখাই চৌধুরীবাড়ীর আনোয়ার আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ২ টায় দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় রেল লাইন পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন আয়েশা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিলেট রেলওয়ে থানার অফিসার ইন চার্জ(ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনিবলেন, অসাবধানতাবশত রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন আয়েশা বেগম। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা, ২০সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ