রাজধানীর উত্তরার স্বপ্ন বিপণী বিতানের তরুণী বিক্রয়কর্মীকে গণধর্ষণকারীদের শাস্তির দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।
মঙ্গলবার বেলা ১১ টার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ৩১ জুলাই রাজধানীর উত্তরায় স্বপ্ন বিপণী বিতানে কর্মরত নারী বিক্রয়কর্মীর ধর্ষণকারীদের গ্রেফতার ও দ্রুত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সম্প্রতি ধর্ষণ ও শিশু নির্যাতন বেড়েই চলছে। অপরাধীদের আইনের আওতায় না আনলে এসব অপরাধের মাত্রা বেড়েই চলবে।
এ ঘটনার নিন্দা জানিয়ে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুল বলেন, নির্যাতিত নারীকর্মীর দ্রুত উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, ওই কর্মীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে আমরা শঙ্কিত। এছাড়া ২ আগস্ট রায়ের বাজার ও মিরপুরে ২ শিশুর ওপর অমানবিক যৌন নির্যাতন সর্বস্তরের মানুষের মধ্যে ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি করেছে।
এসব ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও গার্মেন্টস শ্রমিক নেতা আমিরুল হক আমিন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি আ.স.ম জাকারিয়া, সহ-সভাপতি ওয়াহিদুর রহমান প্রমূখ।
এমএ/এসএইচ





