নীলফামারী জেলার সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। রবিবার রাত সোয়া ১০টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কে ধলাগাছ নামক স্থানে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত ১১ জনের মধ্যে ৭ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ৪ জনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদের আনন্দে ঘুরতে যাওয়া একদল যুবক একটি পিকআপে করে দিনাজপুর জেলার স্বপ্নপুরী থেকে নীলফামারী জেলা সদরের চওড়া ইউনিয়নের বাড়ির দিকে ফিরছিল। পথে সৈয়দপুর বাইপাস সড়কে ধলাগাছ নামক স্থানে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এ সময় ছিটকে ও পিকআপের নিচে পড়ে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। আহত ১২ জনকে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরো ১ জনের মৃত্যু হয়। তবে পিকআপটিকে ধাক্কা দেওয়া বাসটি পালিয়ে যায়।
সৈয়দপুর থানার ওসি শাহাজাহান পাশা জানান, নিহত ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সকলের বাড়ি জেলা সদরের চওড়াবড়গাছা ইউনিয়নে বলে জানা গেছে। তাদের সকলের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে অনুমান করা হচ্ছে। হতাহতদের নাম ঠিকানা এখনো জানা সম্ভব হয়নি। আহত ১১ জনের মধ্যে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭ জন এবং সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ৪ জনকে ভর্তি করা হয়েছে।





