জাতীয় ব্শ্বিবিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখা।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে শহরের কামারগাড়ি কলেজ চত্ত্বরে মানববন্ধন করেন ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা।
ছাত্রফ্রন্টের আহবায়ক পলাশ কর্মকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার আহবায়ক শীতল সাহা, কলেজ শাখার সাধারণ সম্পাদক নন্দন সাহা, নওশীন মোস্তারী সাথী, পলাশ আহমেদ, ভূক্তভোগী শিক্ষার্থী কামরুল, মঞ্জু ও মোমিন।
বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজগুলোতে শিক্ষক ও ক্লাসরুমের স্বল্পতা, স্বতন্ত্র পরীক্ষার হল ও বিজ্ঞান বিভাগের গবেষণাগারে পর্যাপ্ত যন্ত্রপাতি নেই, পর্যাপ্ত বই পড়ার সুযোগ নেই লাইব্রেরিতে। রয়েছে আবসন সংকটও। আবার দফায় দফায় ফি বাড়ানোর কারণে অধিভূক্ত কলেজগুলোর প্রায় ২২ লক্ষাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবন আজ বিপন্ন প্রায়।
বক্তারা বলেন, গত বছরের তুলনায় এ বছর অতিরিক্ত ১০৯৫ টাকা ফি বাড়ানো হয়েছে। গত বছর ২ হাজার টাকা থেকে ২ হাজার দুইশ’ টাকার মধ্যে সকলের ফরম পূরণে হয়ে যেতো। এখন সেখানে ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা লাগছে।
অবিলম্বে বর্ধিত এ ফি প্রত্যাহারের দাবি জানিয়ে অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
ইআর





