আইনুল, শহীদুলদের বাড়ি নাটোরের গুরুদাসপুরের সিধুলী গ্রামে। সোমবার ভোরে তারা প্রায় ২৫ জন নাটোরে যান মামলার হাজিরা দিতে। পরে বাড়ি ফিরছিলেন একসাথেই। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাদের অনেকেরই আর বাড়ি ফেরা হয়নি।

পথিমধ্যে বড়াইগ্রামের রাজ্জাক মোড়ের বাসের মুখোমুখী সংঘর্ষে প্রাণ হারান এই গ্রামের হতভাগ্য মানুষগুলো। অন্তত ১২ জনের মৃতদেহ এরই মধ্যে পৌঁছেছে সিধুলী গ্রামে। বাকিদের অপেক্ষায় গ্রামবাসী।
কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কাকে কোথায় ‍পাঠানো হয়েছে তা জানে না গ্রামবাসী।

সিধুলী ধাবাবাড়িষা ইউনিয়ন পরিষদের আওতায়। এই ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুল মতিন জানান, এ দুর্ঘটনায় সিধুলী গ্রামের বেশ কয়েকজন নিহত হয়েছে। এরমধ্যে ১২জনের মরদেহ এসেছে। আমি প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। মামলার হাজিরা দিতে সিধুলীর বাসিন্দারা নাটোর গিয়েছেলেন বলেও জানান আবদুল মতিন।

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দুই বাসের সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের রাজ্জাকের মোড় এলাকায় কেয়া পরিবহন ও অথৈ পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। কেয়া পরিবহনের বাসটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল আর অথৈ পরিবহনের বাসটি নাটোর থেকে গুরুদাসপুর যাচ্ছিল।

জেআই