কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন কেয়া চৌধুরী (২৮) নামের এক কলেজ ছাত্রী। আশংকাজনক অবস্থায় রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) ভর্তি করা হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে দাউদকান্দি পৌর এলাকার শাহপাড়ায় এ ঘটনা ঘটে। আহত কেয়া ওই এলাকার কাদির চৌধুরীর মেয়ে।

পুলিশ ও ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, রাত ৯টার দিয়ে কেয়া চৌধুরী রান্না ঘরে রুটি তৈরি করছিলেন। এ সময় দুবৃর্ত্তরা জানালার ফাঁক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ কেয়া চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

কেয়ার বাবা আবদুল কাদের চৌধুরী বলেন, আমার মেয়ে গুলিবিদ্ধ অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে। পুরো ঘর রক্তে ভিজে যায়। আমার মেয়ে আমার বাবা হত্যা মামলার দ্বিতীয় সাক্ষী ছিল।

ওই মামলার প্রধান আসামি ছিলেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খন্দকার শাহজাহান।

আহত ওই কলেজ ছাত্রী গত বছর দাউদকান্দির হাসানপুর ডিগ্রি কলেজ থেকে স্নাতককে উত্তীর্ন হয়ে ঢাকার একটি কলেজে মাস্টাস ভর্তি হয়েছে।

রাত পৌনে ১১টায় সেল ফোনে দাউদকান্দি থানার ওসি আবু সালাম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলি চালানো হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে এবং এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাও নেয়া হবে।

উল্লেখ্য বিগত রমজান মাসের ১৭ রমজান শাহাপাড়া এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে কেয়া’র দাদা আজমত আলী চৌধুরীকে হত্যা করেছিল। এই মামলার বাদী ছিল গুলিবিদ্ধ কেয়ার বাবা আব্দুল কাদের এবং সাক্ষী ছিলেন কেয়া চৌধুরী।

এআই