ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে একজন গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নারগিস আক্তার (২৯) নামের ওই গৃহবধূকে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে হত্যা করা হয়। নারগিস ওই উপজেলার ধর্মগড় ইউনিয়নের দেহট্টা গ্রামের ভ্যান চালক আবু বকরের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রচণ্ড বৃষ্টির কারণে ভ্যান চালক আবু বক্করের বাড়ি ফিরতে দেরি হয়। বাড়ি এসে দেখেন স্ত্রী নারগিসের রক্তাক্ত লাশ ঘরের মেঝেতে পড়ে আছে আর তার দুই সন্তান ঘুমিয়ে আছে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে স্থানীয় থানায় খবর দেয়। রাত ১টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় ওই গৃহবধূকে জবাই করে হত্যা করার সত্যতা নিশ্চিত করেন। তবে কে বা কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তা বলতে পারেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ