বরিশাল নগরীর চৌমাথা এলাকার সিঅ্যান্ডবি রোডে বাসের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চালকসহ আরো তিন যাত্রী।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ জুন) বিকেল ৪টায় জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়।

এর আগে বুধবার (২২ জুন) বিকেল ৩টার দিকে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ সংলগ্ন সিঅ্যান্ডবি রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম (৪৫) বরিশাল এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা এলাকার বাসিন্দা মমিন উদ্দিনের ছেলে ও রহমতপুর এলাকার একটি ফার্মেসির মালিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই অটোরিকশাটি যাত্রী নিয়ে নতুল্লাবাদ থেকে রুপাতলির দিকে যাচ্ছিলো। পথে হাতেম আলী কলেজ সংলগ্ন সিঅ্যান্ডবি রোডে পৌঁছালে পেছন থেকে আসা সুগন্ধা পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক সজল, ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও এক নারীসহ চারজন আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসার কিছুক্ষণ পরে জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ জানান, ঘটনার পর পরই বসের চালক পালিয়েছে। তবে বাসটি জব্দ করা হয়েছে।

ওএফ