বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের সপ্তম দিন নোয়াখালীতে ঝটিকা মিছিল ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এর আগে, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ২০ কর্মীকে আটক করে পুলিশ। রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত এ অভিযান চলে।

অবরোধের সমর্থনে সোমবার সকাল ৮টার দিকে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসান নোমানের নেতৃত্বে জেলা শহর মাইজদীর বড় মসজিদ এলাকায় একটি ঝটিকা মিছিল বের হয়।

সকাল সাড়ে ৮টার দিকে জেলা শহরের প্রধান সড়কের মোহাম্মদিয়া হোটেলের সামনে দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে অবরোধের সমর্থকরা। অপরদিকে, দুপুর দেড়টায় সদর উপজেলার উত্তর ওয়াপদা সড়কে একটি বাস ভাঙচুর করা হয়।

এ ছাড়া সকালে শহরে বিভিন্ন স্থানে কয়েকটি পটকার বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ ২০ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন এবং সড়কগুলোতে পুলিশের পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়েছে।

কেএইচ