পরিকল্পনা অনুযায়ী পদ্মা সেতুর ৩২ তম স্প্যান গতকাল বসানো সম্ভব হয়নি।

তবে আজ (১১ অক্টোবর) রোববার সকালে বসানো হলো পদ্মা সেতুর ৩২ তম স্প্যান।

চার মাস আগে গত ১০ জুন সর্বশেষ ৩১ তম স্প্যানটি স্থাপন করা হয়। ৩২ তম স্প্যানটি মাওয়া প্রান্তে পিয়ার-৪ ও ৫’র ওপর বসানো হয়েছে। এর ফল সেতুর ৪.৮০ কিলোমিটার দৃশ্যমান হলো।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান আব্দুল কাদের এই তথ্য নিশ্চিত করেছেন।

পদ্মায় তীব্র স্রোতের কারণে ভাসমান ক্রেন তিয়ান-ই নোঙর করতে সমস্যা হওয়ায় এবং ঠিকমতো স্প্যানকে ‘পজিশনিং’ করা সম্ভব না হওয়ায় গতকাল (১০ অক্টোবর) শনিবার কাজ স্থগিত করা হয়।

নির্বাহী প্রকৌশলী জানান, ৩২ তম স্প্যান বসানোর পর সেতুর ৪.৮০ কিলোমিটার দৃশ্যমান হলো। আর মাত্র ৯টি স্প্যান বাকি থাকলো। তার মধ্যে ৮টি স্প্যান প্রস্তুত রয়েছে। ৩২টি স্প্যানের মধ্যে মাওয়া প্রান্তে স্থাপন করা হয়েছে ১১টি, মাঝের স্প্যান স্থাপন করা হয়েছে একটি ও জাজিরা প্রান্তের ২০টি স্প্যানের সবক’টি স্থাপন করা হয়েছে।

নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো: আব্দুল কাদের জানান, অক্টোবরের প্রথম দিকে সবকটি স্প্যান বসানো শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বর্ষা মৌসুমে পদ্মার পানি ৬ মিটারের বেশি বৃদ্ধি পাওয়ায় স্রোতের তীব্রতা বেড়ে যায়। তীব্র স্রোতে ভাসমান ক্রেন নোঙর করতে অসুবিধা হয়। এতে শিডিউল অনুযায়ী স্প্যান বসানো যায়নি।

প্রকৌশলীরা আশা করেন, আগামী ডিসেম্বর নাগাদ সব স্প্যান বসানোর কাজ সম্পন্ন করা যাবে। বাকি থাকা ১০টি স্প্যানের মধ্যে অক্টোবরে ৪টি, নভেম্বরে ৪টি ও ডিসেম্বরে ২টি স্প্যান বসবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়।

এমবি