সরকারি প্রধান বাহন রেলের যাত্রীসেবার মান নিয়ে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সাশ্রয়ী ও নিরাপদ হিসেবে পরিচিত রেলের সেবার মান বাড়াতেই প্রধানমন্ত্রীর নির্দেশনায় সোমবার সপ্তাহব্যাপী এ গণশুনানি শুরু হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের ১৭টি স্টেশনে পালাক্রমে এ সব গণশুনানিতে অংশ নেবেন রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তারা। শুনানি শেষে ২৮ আগস্টের মধ্যে যাত্রীদের অভিযোগ ও পরামর্শ সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা (ডিসিও) মিজানুর রহমান জানান, ৭ এপ্রিল প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনগণের সেবা নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ রেলপথ মন্ত্রণালয়কে একটি পত্র দিয়েছিল। ওই নির্দেশনার আলোকে সাধারণ জনগণের সেবা নিশ্চিত করতে গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। পূর্বাঞ্চলের ১৭টি স্টেশনে সোমবার সকাল ৭টা থেকে এ গণশুনানি সারাদিন চলবে। রেলওয়ের ১০ জন কর্মকর্তা পৃথকভাবে এ গণশুনানিতে যাত্রীদের অভিযোগ ও পরামর্শগুলো শুনবেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের যে সব স্টেশনে গণশুনানি অনুষ্ঠিত হবে তা হলো- সোমবার চট্টগ্রাম রেলস্টেশন ও ফেনী স্টেশন, মঙ্গলবার লাকসাম, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা রেলস্টেশন, বুধবার কিশোরগঞ্জ, ভৈরব ও আখাউড়া রেলস্টেশন, বৃহস্পতিবার শ্রীমঙ্গল ও নেত্রকোনা রেলস্টেশন, ২৪ আগস্ট চাঁদপুর, ঢাকা, ময়মনসিংহ ও কুলাউড়া রেলস্টেশন এবং ২৫ আগস্ট সিলেট, জামালপুর ও গফরগাঁও রেলস্টেশন।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





