চাঁদাবাজি ও মারধরের মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র অধ্যাপক এম এ মান্নানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার বিকেলে গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।
গাজীপুর আদালতের ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, ১০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে টঙ্গী শিলমন এলাকার মো. রমিজ উদ্দিন গত ২৪ নভেম্বর জয়দেবপুর থানায় এম এ মান্নানসহ ৭ জনের নামে এবং অজ্ঞাত আরো ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
ওই মামলায় তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার এম এ মান্নানকে ৫ দিনের রিমান্ড চেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালতের বিচারক মো. আবদুল হাই একদিনের রিমান্ড মঞ্জুর এবং আগামী দুদিনের মধ্যে কার্যকর করা আদেশ দেন।
এদিকে রিমান্ড শুনানির জন্য দুপুরে এম এ মান্নানকে আদালতে আনা হয়। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী আদালত চত্বরে ভিড় করেন।
মেয়র মান্নানের আইনজীবী ড. মো. শহীদুজ্জামান জানান, যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত বছরের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র এম এ মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। ২২ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়ে তিনি চলতি বছরের ২ মার্চ কারামুক্ত হন। এপ্রিল মাসে তিনি মেয়র পদ ফিরে পান।
আইনজীবী ড. মো. শহীদুজ্জামান আরো জানান, চলতি বছর ১৫ এপ্রিল এম এ মান্নানকে ফের নাশকতার মামলায় গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে ফের বরখাস্ত করা হয়। গত ১৫ এপ্রিল থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে।
এমই





