আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী মাহী বি. চৌধুরীর গাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় মাহী ও তার স্ত্রী আশফাহ্ হক লোপা ছাড়াও তাদের গাড়িচালকওআহত হয়েছেন।

শনিবার দিবাগত গভীর রাতে রাজধানীর সাত রাস্তার বিজি প্রেসের পাশে সিটি ফিলিং স্টেশনের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত তিনজনকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন মাহীর মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম।

চিকিৎসাধীন মাহী বি. চৌধুরী সাংবাদিকদের জানান, তিনি একটি টিভি অনুষ্ঠান শেষ করে বারিধারার বাসায় ফিরছিলেন। সাত রাস্তার মোড়ে বিজি প্রেসের সামনে সিটি ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে গাড়িটি কিছুদূর এগিয়ে গেলে ৮/১০ জন সন্ত্রাসীরা লাঠি দিয়ে গাড়ির ওপর হামলা চালায়।

তারা গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলে এবং একজন মাহীকে লাঠি দিয়ে পেটাতে থাকে। তাকে চুল ধরে টেনেহিচড়ে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে। সেই সঙ্গ অকথ্যভাষায় গালিগালাজ করে।

মাহী অভিযোগ করেন, এ সময় একজন বলেছে- ‘তোর নির্বাচন করার সখ কেনো’?

এ সময় সন্ত্রাসীরা কয়েকজন গাড়ির পেছনের গ্লাস ভেঙে ফেলে এবং মাহীর স্ত্রী লোপাকে লাঠি দিয়ে আঘাত করে। এছাড়া মাহীর বাম হাত ও চোখে এবং গাড়িচালক শহীদ মন্ডলকে ডান কাঁধে আঘাত করা হয়েছে।

তবে এ ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত নন বলে জানান মাহী। তিনি বলেন, সব সাবেক রাষ্ট্রপতির বাসায় সরকার পুলিশি নিরাপত্তা দিলেও বি. চৌধুরীর বাড়িতে কোনো পুলিশ দেয়া হয়নি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহী বলেন, ঘটনার সঙ্গে আনিসুল হক, না তাবিথ আউয়াল জড়িত তা সময়ই বলে দেবে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। তবে নির্বাচন থেকে সরে দাঁড়াবো না, নির্বাচনে আছি, থাকবো ইনশাআল্লাহ।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মাহী বলেন, শনিবার সারাদিন তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে রোববার সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হতে পারে।

এআর