চায়ের বকেয়া টাকা দেওয়াকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার জীবননগরে চাচা-ভাতিজাদের মধ্যে সংঘর্ষে চাচা আব্দুস সালাম (৪০) নিহত হয়েছেন।

এসময় ভাতিজা শহিদুল ইসলাম (৩৮) আহত হন। সোমবার রাতে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের মিস্ত্রিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম উপজেলার আন্দুলবাড়িয়া মিস্ত্রীপাড়া গ্রামের মরহুম আবুল হোসেনের ছেলে। সোমবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে গুরুতর আহত আব্দুস সালাম মারা যান।

জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফুল কবির জানান, সোমবার রাত ৯টার দিকে আব্দুস সালাম বকেয়া ১৫২ টাকা আব্দুল বারিকের দোকানে দেওয়ার জন্য যায়। এসময় টাকা দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাই মরহুম দাউদ আলীর ছেলে শহিদুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়।

পরে শহিদুল, তার ভাই মহিদুল ও আসাদুল একত্রিত হয়ে চাচা আব্দুস সালাম ও তার ভাই কালামের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আব্দুস সালাম ও শহিদুল ইসলাম গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে আব্দুস সালাম মারা যান।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় মামলা দেয়নি। কাউকে আটক করাও সম্ভব হয়নি। নিহত আব্দুস সালামের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে হয়েছে বলেও জানান তিনি।

কেএইচ