মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের আব্দুল মজিদ নামের এক কৃষকের দুই বিঘা জমির ৪শ’ কলার কাদি কেটেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে এই ঘটনা ঘটে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান চাষী।

ক্ষতিগ্রস্ত চাষী আব্দুল মজিদ বলেন, গ্রামের কানপুকুর মাঠে তার দুই বিঘা জমিতে কলার আবাদ করেছেন। ইতোমধ্যে জমি থেকে কলা কেটে বিক্রি শুরু করেছেন। সোমবার মধ্যরাতে কে বা কারা রাতের আঁধারে প্রায় ৪শ কাদি কলা কেটে ফেলে দুর্বৃত্তরা।

মঙ্গবার সকাল সাড়ে ১০টার দিকে মাঠে গিয়ে বিষয়টি নজরে পড়ে আব্দুল মজিদের। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করতে একজন উপসহকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, বিষয়টি তার জানা নেই। তবে কলা ক্ষেত মালিক অভিযোগ করলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেআই