নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ১৫ জন। এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি।

রোববার সকালে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে দুপুরে আড়াইহাজার থানায় দুপক্ষই অভিযোগ দায়ের করেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোল্লারচর এলাকায় মিন্নত আলীর ছেলে আলাউদ্দীন ও একই এলাকার জাকারিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে সাত শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে জাকারিয়ার লোকজন রোববার সকালে আলাউদ্দীনের বাড়িতে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ সময় আলাউদ্দিন (৩৫), তার চাচাতো ভাই দেলোয়ার (৩০) এবং তার চাচি হোসনেয়ারা (৪০), জাকারিয়া (৫০), খোরশেদ আলম (৩৫), সফিকুল ইসলাম (৪৫), হাবিবুল্ল্যাহ (২১), আসলাম (২০), আ. হাই (২৮), জাহাঙ্গীর (২৫) এবং মোরশেদ (৩৫) গুরুতর আহত হয়।

আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় খোরশেদ আলমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের সময় জাকারিয়া ও আলাউদ্দীনের পক্ষের ৪-৫টি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয় বলে দুপক্ষই দাবি করছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার ব্যাপারে উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

এমএম