রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়ায় সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র রিপন হত্যা মামলার প্রধান আসামি জামাল পত্তনদারকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফেলু মোল্লার পাড়া গ্রামের হোসেন পত্তনদারের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি বিশেষ দল শুক্রবার দুপুরে যশোর শহরের রেলগেট এলাকা থেকে রিপন হত্যা মামলার প্রধান আসামি জামালকে গ্রেফতার করে।
এরপর তার স্বীকারোক্তি মোতাবেক হত্যায় ব্যবহৃত সেভেন পয়েন্ট সিক্স পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এর আগে গত ৭ সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে দুর্বৃত্তরা গুলি করে খুন করেন সাইফুল ইসলাম রিপন (২২) নামের এক যুবককে।
তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র ও দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির নেতা মোহন মন্ডলের ছেলে। এসময় তার সঙ্গে থাকা ফরিদ শেখ নামের এক বন্ধুও গুলিবিদ্ধ হন।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





