করোনাভাইরাসের কারণে যাত্রী স্বল্পতায় আন্তঃনগর ট্রেন ‘সোনার বাংলা’ ও ‘উপকূল এক্সপ্রেসের’ চলাচল সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন ম্যানেজার বলেন, “২১ জুন থেকে ঢাকা-নোয়াখালী রুটের ‘উপকূল এক্সপ্রেস’ বন্ধ করা হবে। ওই দিন এটি ঢাকা থেকে ছেড়ে যাবে না। আর আগামীকাল শনিবার (২০ জুন) ঢাকা-চট্টগ্রাম রুটের ‘সোনার বাংলা এক্সপ্রেস’ চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে না।”

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব শুরুর দিকে ৬৬ দিন ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে পুনরায় চালু হয় ট্রেন।

বর্তমানে দেশব্যাপী বিভিন্ন রুটে মোট ১৯ জোড়া যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চলাচল করছে।

এমবি