জাতীয় সম্প্রচার নীতিমালা সম্পর্কে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, গণমাধ্যমকে আষ্টেপৃষ্ঠে বাঁধার জন্য সম্প্রচার নীতিমালা করা হয়েছে। নতুন এই নীতিমালা গণমাধ্যমের কণ্ঠ রোধ করবে, গণতন্ত্রকে ধ্বংস করবে। এ নীতিমালা সর্বোপরি দেশের উন্নয়ন সম্ভাবনাকে নস্যাৎ করবে। এই নীতিমালা নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে শুরু হওয়া এক আলোচনা সভায় সূচনা বক্তব্যে তিনি একথা বলেন।

গণমাধ্যমের সামনে চ্যালেঞ্জ শীর্ষক সভাটি আয়োজন করেছে সম্পাদক পরিষদ।

এতে গণমাধ্যম নিয়ে নীতিমালা ও আইন প্রণয়নের পাশাপাশি সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে উদ্ভূত বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচকরা মতবিনিময় করেন।

সভায় সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সভাপতি দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার। এতে একটি পতনমুখী নীতিমালা শীর্ষক সূচনা বক্তব্য উপস্থাপন করছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।

সভা পরিচালনা করেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, আইনজীবী এম আমীর-উল ইসলাম, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সহসভাপতি এ কে আজাদ, অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সাধারণ সম্পাদক শাইখ সিরাজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সভাপতি শওকত মাহমুদ ও মনজুরুল আহসান বুলবুলপ্রমুখ।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ