হজ প্যাকেজ ২০১৭ অনুযায়ী হজ যাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। এর আগে মঙ্গলবার থেকে হজ যাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়।

চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জনের কোটা নির্ধারিত রয়েছে। নির্ধারিত কোটার মধ্যে ২ হাজার ৬০৪ জন হজ গাইড ও হজ এজেন্সি ব্যবস্থাপনার জন্য ৮৫০ জন সরাসরি নিবন্ধন করবেন।

অবশিষ্ট ১ লাখ ১৩ হাজার ৭৪৪টি খালি কোটা প্রাক-নিবন্ধনের ক্রমানুসারে পূরণ করা হচ্ছে। এজন্য জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুযায়ী বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের সিরিয়াল ২ লাখ ১৭ হাজার ২৮৮ পর্যন্ত প্রাক-নিবন্ধিতকে ২০১৭ সালের নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করে ধর্ম মন্ত্রণালয়।

এ ছাড়া হজ প্যাকেজে ঘোষিত ১ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকার মধ্যে ২৮ হাজার ৭৫২ টাকা নেওয়া হয়। সিটি চেক ইন, জম জম পানি, শতকরা ১ ভাগ হারে অতিরিক্ত বাড়ি ভাড়া ও ব্যাংক গ্যারান্টি সৌদি হজ মন্ত্রণালয়ের অনুকূলে, ব্যাংক গ্যারান্টি সৌদি জেনারেল কার সিন্ডিকেটের অনুকূলে, স্থানীয় সার্ভিস চার্জ, হজ যাত্রীদের কল্যাণ তহবিল, হজ যাত্রীদের জন্য ট্রলি ব্যাগ ও প্রশিক্ষণ ফি বাবদ আট হাজার ৪০১ টাকা কেটে অবশিষ্ট ২০ হাজার ৩৫১ টাকা সংশ্লিষ্ট এজেন্সির নিবন্ধিত হজ যাত্রীর সংখ্যার বিপরীতে নিজ নিজ এজেন্সির হিসাবে ফেরত দেওয়া হবে। একই সঙ্গে হজ এজেন্সির মাধ্যমে তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে নিবন্ধন ভাউচারের মাধ্যমে বিমান ভাড়া বাবদ ১ লাখ ২৪ হাজার ৭২৩ টাকা জমা দিতে হবে।

এদিকে ই-হজ ব্যবস্থাপনার সমন্বয়ের স্বার্থে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিজ নিজ পাসপোর্ট স্ক্যান করে তাদের রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ ছাড়া মন্ত্রণালয়ের অপর এক তথ্য বিবরণীতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের হজগাইডের জন্য সংশোধিত ৯ মার্চের বিজ্ঞপ্তির হজগাইড বাছাই ও কর্মপরিধি সংক্রান্ত নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে।

ই-হজ ব্যবস্থাপনার সঙ্গে সমন্বয়ের জন্য সরকারি হজযাত্রীদের পাসপোর্ট স্ক্যান করে নিবন্ধন তথ্য পূরণ করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজযাত্রীগণ পাসপোর্ট বিষয়ে হজ প্যাকেজ অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীরা নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন। এজন্য হজযাত্রীরা মাহরামসহ একইসঙ্গে হজে যাওয়ার জন্য নিবন্ধন ফরম পূরণ করে ইউডিসি, ইসলামিক ফাউন্ডেশন, জেলা প্রশাসকের কার্যালয় বা হজ অফিস ঢাকার মাধ্যমে নিবন্ধন ভাউচার তৈরি করতে পারবেন।

এমএনজে