রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুর ১৩ নম্বর সেকশনের বি ব্লকের ৫ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মো. বায়েজিদ (৪৭) ও তার স্ত্রী অঞ্জনা আক্তার (৪০) এবং তাদের ছেলে মো. ফারহান (১৭)। ফারহান মিরপুর কমার্স কলেজে একাদশ শ্রেণিতে পড়তো।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি- স্ত্রী ও সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর বায়েজিদ নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বায়েজিদ ঋণের কারণে এ ঘটনা ঘটিয়েছেন কি না-পুলিশ তা তদন্ত করে দেখছে।

এএস