নিবন্ধন জটিলতার কারণে এ বছর ২৫ হাজার লোক হজে যেতে পারছে না বলে আশঙ্কা প্রকাশ করে উদ্বেগ জানিয়েছে খেলাফতে ইসলামী বাংলাদেশ।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ জানান খেলাফতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসানাত আমিনী।

তিনি বলেন, যারা হজে যেতে পারছে না তাদের হজে পাঠানোর ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সংবাদপত্রের প্রতিবেদন থেকেই ২৫ হাজার আগ্রহী ব্যক্তি হজে যেতে পারছেন না বলে জানতে পেরেছেন- জানান আবুল হাসানাত আমিনী।

সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নিজামী বলেন, ২০১৫ সালে বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজে যাওয়ার কথা। কিন্তু হঠাৎ ডাটা এন্ট্রি পদ্ধতি চালু করার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। পদ্ধতি অনুযায়ী ৯১ হাজার ৭৫৮ জনের বেসরকারি কোটা পূর্ণ হয়ে গিয়েছে।

প্রথমে বলা হয়েছিল, রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে তারপর ডাটা এন্ট্রি করতে হবে। কিন্তু এ বছর টাকা জমা নেওয়ার আগে ডাটা এন্ট্রি করার পদ্ধতি চালু করায় এই বিপত্তি ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

আবদুল লতিফ নিজামী দাবি করেন, বিগত বছরগুলোর মতো প্রথমে টাকা জমা নেওয়া এবং পরবর্তী সময়ে ডাটা এন্ট্রি পদ্ধতি বহাল থাকলে সরকার যে ২৫ হাজার হজ যাত্রী বেশি বলে এখন তথ্য দিচ্ছে তা হতো না।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আলতাফ হোসেন, মাওলানা জুনায়েদ গোলজার ও মাওলানা হেদায়েতুল্লাহ।

এএইচ