রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল কাঠেরপুল এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুই যুবকের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মুজাহিদুল ইসলাম জিহাদ (৩৫)। ১১ দিন আগে তিনি নিখোঁজ হন। এ বিষয়ে ঐদিনই কাফরুল থানায় জিডি করেছে তার ছোট ভাই জাহিদুল ইসলাম।

জিহাদের বাবার নাম আবুল খায়ের। লক্ষ্মীপুর জেলার মির্জাপুরের আমছাদি এলাকায় তার বাড়ি।

দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে নিহতের ছোট ভাই জাহিদুল ইসলাম বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে এসে লাশ শনাক্ত করেন।

জাহিদ জানান, নিহত জাহিদ ওরফে জমির হোসেন কোরআনে হাফেজ এবং এসএসসি পাশ করে দুই বছর আগে সিঙ্গাপুর যান। সেখান থেকে দেশে এসে কারওয়ান বাজারে কাঁচা মালের ব্যবসা করতেন। তিনি কারওয়ান বাজারের পার্শ্বেই মেসে থাকতেন।

বুধবার পত্রিকায় ছবি দেখে বৃহস্পতিবার সকালে ঢামেক মর্গে এসে লাশ শনাক্ত করেন তিনি।

উল্লেখ্য, রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল কাঠেরপুল এলাকায় মঙ্গলবার রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা দুই যুবক নিহত হন। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

এআই/এএইচ