ইসলামী ছাত্রসেনার ডাকা হরতালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম নগরীতে প্রায় ২ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। ছাত্রসেনার হরতালের আড়ালে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার সিদ্ধান্ত নিয়েছে নগর পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর অর্ধশতাধিক গুরুত্বপূর্ণ স্পটে ভোর ৫টা থেকে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ। থানা থেকে ফুট পেট্রল টিম এবং মোবাইল টিম নগরীতে টহল দেবে। এছাড়া নগরীর বিভিন্ন প্রবেশপথে চেকপোস্টগুলোতে সতর্ক প্রহরা থাকবে।
নগর পুলিশের উপ কমিশনার (সদর) মাসুদ-উল-হাসান বলেন, নাশকতা এড়াতে আমাদের কিছু নিজস্ব স্ট্যাটেজি আছে। সেগুলো আমরা প্রয়োগ করব। পুলিশ লাইন থেকে ২ হাজার অতিরিক্ত ফোর্স আনা হচ্ছে। ছাত্রসেনার নাম ভাঙ্গিয়ে কেউ যেন নাশকতা করার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখা হবে।
এদিকে নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে নগরজুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো.হাসান বলেন, আমাদের কয়েকটি টিম মাঠে আছে। বড় কোনো নাশকতার আশংকা আমরা করছিনা। এরপরও আমরা সতর্ক আছি।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) এস এম তানভির আরাফাত বলেন, গাড়ি ভাংচুর, চলাচলে বাধা দেয়া, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে হরতালে নাশকতা মোকাবেলায় র্যাবের টহল টিম পুরো নগরজুড়ে টহল দেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রসেনার সাংগঠনিক অবস্থান মজবুত এমন উপজেলাগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হবে। এর বাইরে সব থানাকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে।
টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক ও ইসলামী ফ্রন্টের নেতা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার দেশব্যাপী হরতালের ডাক দিয়েছে ইসলামী ছাত্রসেনা। হরতালে চট্টগ্রামের শতাধিক পয়েন্টে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে ছাত্রসেনার কর্মীরা।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





