কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী একটি পিকনিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা বলে জানান হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ফয়জুর রহমান।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে না পারলেও নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে তিনি জানিয়েছেন। আহতদের স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এসআই ফয়জুর রহমান জানান, যাত্রীবাহী পিকনিক গাড়িটি কক্সবাজার শহর থেকে বগুড়া যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটি (ঢাকা- মেট্রো. ব-১৪-৪৬২৩) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী রাস্তার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে যায়। এতে একজন নিহত ও ২০ আহত হয়েছেন। নিহত যুবক বাস মালিকের ভাতিজা এবং হিন্দু সম্প্রদায়ের লোক।

দুর্ঘটনা কবলিত বাসটি ঘটনাস্থলে রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে চকরিয়া থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে জানান এসআই ফয়জুর। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

কেএইচ