দেশে এই প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে জরিপ শুরু হচ্ছে ৯ ডিসেম্বর। এটি চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

এ জরিপ সফলভাবে শেষ করতে তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচি বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব সফিকুল ইসলাম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) বাইতুল আমীন ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব ড. কাজী মোস্তফা সারোয়ার।

সফিকুল ইসলাম বলেন, পরিসংখ্যান ব্যুরোকে আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে। এই জরিপটি যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করা যায় সেজন্য সকলকে সচেতন ভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, জরিপে দুর্যোগপ্রবণ এলাকার আর্থ-সামাজিক বৈশিষ্ট্য নিরূপণ, কৃষিখাতের উৎপাদনের ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ, ব্যবহৃত জমির ক্ষয়ক্ষতির তথ্য-উপাত্ত সংগ্রহ, ক্ষতিগ্রস্ত বসতবাড়ির ক্ষতির হিসাব নিরূপণ, মানুষের স্বাস্থ্য ও স্যানিটেশনের তথ্য-উপাত্ত সংগ্রহ, আক্রান্ত নারী, শিশু ও প্রতিবন্ধীদের বিপদাপন্নতা নিরূপণ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে উপাত্ত সংগ্রহ করা হবে।

ইআর