বিশ্বের দীর্ঘতম অবিচ্ছেদ্য সমুদ্র সৈকতে সূর্যাস্তের অপরূপ দৃশ্য ও নান্দনিক সৌন্দর্য্য উপভোগ করলেন বাংলাদেশ সফররত বিভিন্ন দেশের পর্যটনমন্ত্রী ও সংশ্লিষ্ট ১৭ সদস্যের প্রতিনিধি দল।
ঢাকায় অনুষ্ঠিত ‘‘ বৌদ্ধ পর্যটন সার্কিট উন্নয়ন ’’ বিষয়ক ২ দিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসা জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউএনডব্লিওটিও-এর প্রতিনিধিসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও পর্যটন সংশ্লিষ্ট ১৭ জনের প্রতিনিধি দল বুধবার কক্সবাজারে আসেন।
সফরে এসে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে সমুদ্র সৈকত দর্শনে যান। সৈকতের লাবণী পয়েন্টে প্রায় পৌনে এক ঘণ্টার মতো সময় সাগরের উত্তাল তরঙ্গমালার খুব কাছাকাছি পর্যটন ছাতা চেয়ারে বসে পশ্চিমাকাশে সূর্যাস্ত ও প্রকৃতির মনোরম দৃশ্য অবলোকন করেন সফরকারী অতিথিরা।
অবিরত ঢেউ আর অবারিত দিগন্তের সৈকত দেখে পুলকিত জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএনডব্লিউটিও এর সেক্রেটারি জেনারেল তালিব রিফাইও জানালেন প্রকৃতির এই সৌন্দর্য্য স্মৃতি ভুলবার নয়।
এসময় সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদশের র্পযটন স্পটগুলো অনেক সুন্দর। বিশেষ করে বিশ্বের র্দীঘতম ১২০ কিলোমিটার কক্সবাজার সমুদ্রসৈকত সৌর্ন্দয্য পিপাসু যে কাউকে মুগ্ধ করবে। বাংলাদেশের পর্যটন শিল্পকে বিকশিত করতে সরকারের যে কোনো উদ্যোগে সব ধরনের সহায়তা প্রদানের কথা জানান তিনি।
এর আগে প্রতিনিধি দলটি বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারযোগে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এসময় প্রতিনিধি দলকে স্বাগত ও ফুলের শুভেচ্ছা জানান কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
দুইদিনের কক্সবাজার সফরে তারা কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও রামুর রাংকূটসহ সেখানকার বৌদ্ধদের ঐতিহ্যবাহী অন্য স্থাপনাগুলোও পরিদর্শন করবেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রামুতে অবস্থিত বৌদ্ধদের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো পরিদর্শনে যাওয়ার কথা সফরকারী প্রতিনিধি দলের। পরিদর্শন শেষে কক্সবাজার বিমানবন্দর থেকে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার যোগে তারা ঢাকায় ফিরবেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএনডব্লিউটিও-এর সেক্রেটারি জেনারেল তালিব রিফাইও। বে-সামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও সচিব খোরশেদ আলম চৌধুরী ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন চীনের পর্যটন সংস্থার ডাইরেক্টর লাই কোওয়ানগো, কম্বোডিয়ার পর্যটনমন্ত্রী টপ সোফেক, ভারতের পর্যটন সংস্থার রিজিওনাল ডাইরেক্টর ভেন্ট সঞ্জয়, ভুটানের পর্যটনমন্ত্রী লিয়নপো নরভো ওয়াংচুক, আফগানিস্তানের পর্যটনমন্ত্রী আব্দুল বারী জাহানী, ভিয়েতনামের ডাইরেক্টর জেনারেল তারান দিনহ তানহ, আফগানিস্তানের রাষ্ট্রদূত আব্দুর রহিম ওরাজ, নেপালের রাষ্ট্রদূত আমপেমা চোডেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অরূপ চৌধুরী ও পরিচালক ড. নাছির উদ্দিন, টুরিস্ট পুলিশের ডিআইজি সোহরাব হোসেন, ইউএনডব্লিউটিও এর ডাইরেক্টর জিং জু, ইউএনডব্লিউটিও এর ঊর্ধ্বতন অফিসার জুনচি জ্যাক কামাডা।
এমএ





