নওগাঁ সদর উপজেলার শৈলকূপা গ্রামে রাসেল হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৪ মে) সকালে বাড়ির পাশে থেকে তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। নিহত রাসেল ওই গ্রামের কামাল হোসেনের ছেলে।
সদর থানার ওসি সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাতে তারাবির নামাজের পর থেকে রাসেলের মোবাইল ফোন বন্ধ পায় পরিবারের লোকজন। এরপর সকাল বাড়ির পাশে রাসেলের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। ধারণা করা হচ্ছে কুপিয়ে হত্যার পর তার মরদেহ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।





