চট্টগ্রামে ৭ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে যার বর্তমান বাজার মূল্য ২৮ কোটি টাকা। এসময় ৪ মিয়ানমারের নাগরিকসহ ৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ট্রলার থেকে এসব ইয়াবা আটক করা হয়।

পতেঙ্গাস্থ র‌্যাব কার্য্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ জানান, গভীর সমুদ্রে এমভি রিফা নামের মাছ ধরার ট্রলারটিকে ধাওয়া করে আটকের পর ট্রলারের পাটাতনের নিচে লুকানো ইয়াবা গুলো পাওয়া যায়। যার আনুমানিক বাজার মুল্য ২৮ কোটি টাকা বলে জানানো হয়।

আটককৃতরা হলেন, মোঃ ফারুক (২৯) , মোঃ নবী হোসেন (৩৮), মোঃ ইসাক (৩০), মোঃ শরিফ হোসেন (৩৭), মোঃ ফারুক (৩৮), মোঃ সামছুল (১৯), নুরুল আমিন (৩৯)। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানায়, এ পর্যন্ত মোট তিন দফায় ৬ লক্ষ ইয়াবা মায়ানমার থেকে বরিশালে নিয়ে যাওয়া হয় । ৪র্থ দফায় ৭ লাখ ইয়াবা পাচার কালে র‌্যাবের হাতে ধরা পড়ে।

সংবাদ সম্মেলনে র‌্যাব অধিনায়ক বলেন, এ বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ৬৭ লক্ষ ৮৫ হাজার ৭৮২ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি হেরোইন, ২ কেজি আফিম, ২১ হাজার ২১ বোতল ফেন্সিডিল, ১,৪৫৯ বোতল বিদেশী মদ, ২০২ ক্যান বিয়ার, ১ লক্ষ ৮৩ হাজার ৫ শত ৪৭ লিটার দেশীয় তৈরী মদ এবং ৮২ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব বলে জানান তিনি।

মাসুম/নাজিব