পাবনার সদর উপজেলার চর কোসাখালীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম খায়রুল কাজী (৩২)। তিনি উপজেলার রাধাকান্তপুর এলাকার কোরবান কাজীর ছেলে। তিনি মুরগির খামারের ব্যবসা করতেন।বুধবার রাতে এই ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, রাত ৯টার দিকে মোটর সাইকেল যোগে বাড়ি থেকে শহরে যাচ্ছিলেন খায়রুল। পথে চর কোসাখালী স্কুলের পাশে তার গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই খায়রুল কাজী মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ইআর





