কিশোরগঞ্জের করিমগঞ্জে ইঞ্জিনচালিত টমটমের চাপায় হীরামণি (৫) ও আশামণি (৬) নামে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে করিমগঞ্জ উপজেলার গুনধর-কিশোরগঞ্জ সড়কে জয়কা ইউনিয়নের কান্দাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হীরামণি করিমগঞ্জ উপজেলার ওই ইউনিয়নের সিংগুয়া গ্রামের মঞ্জিল মিয়ার মেয়ে এবং আশামণি একই উপজেলার কালিপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তারা একে অপরের খালাতো বোন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে পরিবারের সঙ্গে হীরা ও আশামণি করিমগঞ্জ উপজেলার কালিপুর গ্রাম থেকে অটোরিকশাযোগে উত্তর কান্দাইল গ্রামে নানা বাড়িতে বেড়াতে যাচ্ছিলো। অটোরিকশা থেকে নামার সময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত একটি টমটম তাতে ধাক্কা দেয়। এ সময় টমটম উল্টে গিয়ে তাদের শরীরের উপর পড়ে যায়। এতে তারা গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে টমটম ও ড্রাইভারকে আটক করা হয়েছে।

করিমগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) আক্তারুজামান বলেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কেএইচ