ঈদ উপলক্ষে ঢাকা ও এর আশপাশের সড়কের ১৬টি পয়েন্টে ১ হাজার রোভার স্কাউট নিযুক্ত করছে সরকার। এই স্বেচ্ছাসেবকরা সড়কের যানজট নিরসন ও যাত্রীদের সার্বিক সহযোগিতা করবেন।
শুক্রবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন সড়ক স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বেচ্ছাসেবকদের কাজের মাধ্যমে কর্মদক্ষতা প্রমাণের আহ্বান জানান।
তিনি বলেন, 'কথা কম কাজ বেশি, ভাষণ কম অ্যাকশন বেশি। আমি কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমে প্রমাণ হবে তোমাদের কর্মদক্ষতা।'
সেতুমন্ত্রী বলেন, 'রোভার স্কাউটদের জন্য এটা প্রথম পরীক্ষা। তারা এটাতে সফল্ হলে ঈদ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে তাদের কাজে লাগানো হবে। আমি এ বিষয় প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি।'
তিনি বলেন, 'সড়ক দুর্ঘটনার জন্য চালকের পাশাপাশি দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হতে হবে।'
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এমএএন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটের সভাপতি আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল প্রমুখ।
এসএম





