স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভবিষ্যতে অগ্নি দুর্ঘটনা দ্রুত মোকাবিলায় হেলিকপ্টার দেওয়া হবে।

রোববার সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের  ৪৮তম ব্যাচের ফায়ারম্যানদের ‘বুনিয়াদী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস স্টেশনের আগে ৯ তলা পর্যন্ত উঠার ক্ষমতা ছিল, এখন সেটার ক্ষমতা ১৭ তলা। ক্ষেত্রবিশেষে তারা ১৯ তলা পর্যন্ত উঠতে সক্ষম হয়।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটি উপজেলায় ন্যূনতম একটি করে ফায়ার স্টেশন স্থাপনের লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের অধীনে নির্মাণ কাজ চলছে। নতুন নতুন আধুনিক গাড়ি, পাম্প ও উদ্ধার যন্ত্রপাতি সংগ্রহের মাধ্যমে অধিদপ্তরের সেবা কার্যক্রমকে আরও উন্নত ও সম্প্রসারিত করা হচ্ছে। কর্মীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সকে আধুনিক ট্রেনিং একাডেমিতে রূপান্তর এবং বৃহৎপরিসরে অন্যত্র স্থানান্তরের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একটি নিজস্ব ‘বার্ন ট্রিটমেন্ট হাসপাতাল’ নির্মাণের কাজ বাস্তবায়িত হচ্ছে। বর্তমান সরকারের আমলে এই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পূর্ণাঙ্গ রেশন বাস্তবায়ন করা হয়েছে। তাদের ঝুঁকিপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৩০% ঝুঁকিভাতা মঞ্জুর করা হয়েছে। সাহসিকতাপূর্ণ কাজের জন্য রাষ্ট্রীয় পদকের সংখ্যা ১০টি থেকে বাড়িয়ে ৫০টিতে উন্নীত করা হয়েছে এবং সম্মানীর পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে।

জেআই