আইনের দৃষ্টিতে পলাতক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় আইনমন্ত্রী বলেন, হরতালে সহিংসতা বন্ধে দেশে বিদ্যমান সন্ত্রাস দমন আইন-২০০৯'র প্রয়োগ করা হবে।
দেশের মানুষ চাইলে হরতাল বন্ধে নতুন করে আইন প্রণয়ন করা যেতে পারে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক।
৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটকানো না হলে ওইদিন ৫০০ লোক মারা যেত।
আনিসুল হক দাবি করেন, ‘খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো বাধা দেওয়া হয়নি, হচ্ছেও না। এরপরও অবরোধের নামে বিএনপি যা করছে, তা সন্ত্রাস। বিএনপি হরতাল নয়, সন্ত্রাস করছে।’
ইআর





