যৌতুকের দাবিতে স্ত্রী ফাতেমা খাতুনকে (২২) গলা কেটে হত্যার দায়ে স্বামী রুবেল মিয়াকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত।

নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: আব্দুল হামিদ বুধবার দুপুরে এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, জেলার কেন্দুয়া উপজেলার স্বল্প মাইজহাটী গ্রামের শারফুল জামানের ছেলে রুবেল মিয়ার সঙ্গে ২০০১ সালে ফাতেমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল রুবেল।

২০০৯ সালের ২৫ আগস্ট সন্ধ্যায় পাষণ্ড স্বামী ধারালো কাঁচি দিয়ে স্ত্রী ফাতেমা খাতুনকে জবাই করে নৃশংসভাবে হত্যা করে। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে মৃতের বড় ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে রুবেল মিয়াকে একমাত্র আসামি করে ২৬ আগস্ট কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ২৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে।

বিচারক ১২ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহনান্তে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় উপরোক্ত রায় প্রদান করেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পি পি আব্দুল কাদির ভূঁইয়া, আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সামছুদ্দিন আহম্মেদ।

এমকে