বেনাপোলের কুখ্যাত সন্ত্রাসী একাধিক হত্যা মামলার আসামি আমিরুল বাহিনীর প্রধান আমিরুল ও তার সেকেন্ড ইন কমান্ড সাইফুল্লাহকে গ্রেফতার করেছে বিজিবি।

ভারতে পালিয়ে যাওয়ার সময় বুধবার সন্ধ্যায় বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়।

২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন টাইমনিউজবিডি’কে জানান, বেনাপোলের কাগজপুকুর বাজারে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় আ. সামাদ ৪৫ নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করে আমিরুল বাহিনী।

হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে আজ দুপুরের দিকে আমিরুল ও সহযোগী সাইফুল্লাহ রঘুনাথপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবি ও বিএসএফ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে রঘুনাথপুর সীমান্ত থেকে তাদের আটক করে।

বিজিবি সদস্যরা সন্ধ্যায় তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। নিহত সামাদ কাগজপুকুর গ্রামের নছর উদ্দিনের পুত্র।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, গতরাত সাড়ে ৮টার দিকে সামাদ কাগজপুকুর এলাকায় তার দোকানে বসে বেচা কেনা করার সময় ৪টি মোটর সাইকেলে করে আসা একদল সশস্ত্র দূর্বৃত্ত তাকে দোকান থেকে ধরে এনে দোকানের সামনেই এলোপাথারী কুপিয়ে হত্যা করে চলে যায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

উল্লেখ্য, আমিরুল বাহিনীর প্রধান সেনাপতি হাফিজুর গতকাল মঙ্গলবার বিকাল ডিবি পুলিশের হাতে অস্ত্রসহ আটকের পরপরই ইনফরমার হিসেবে সন্দেহ করে কাগজপুকুর গ্রামের আওয়ামী কর্মী সামাদকে দোকানের সামনে কুপিয়ে হত্যা করে চলে যায়।

বেনাপোল পোর্ট থানার ওসি তদন্ত থন্দকার শামীম উদ্দিন টাইমনিউজবিডি’কে জানান, আমিরুল মোস্ট ওয়ান্টেড। বিজিবি সামাদ হত্যা মামলার মুল আসাম আমিরুল ও সাইফুল্লাহকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তাদের জিঞাসাবাদ শেষে আগামী কাল বৃহস্পতিবার যশোর আদালতে প্রেরণ করা হবে।

এসএন/ এসএইচ/ এআর