করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ২১৯ জন।

একই দিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৪৮৮ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬২ হাজার ৪৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জনে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৬টি পরীক্ষাগারে ২ হাজার ৭৬৯টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৩৪ হাজার ২৫১টি।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৫ জন এবং বাড়িতে মৃত্যু হয়েছে একজনের।

তাদের মধ্যে ২০ বছরের বেশি বয়সী ১ জন, ত্রিশোর্ধ্ব ১ জন, চল্লিশোর্ধ্ব ২ জন, পঞ্চাশোর্ধ্ব ৫ জন এবং ষাটোর্ধ্ব ১৭ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ১৬ জন, চট্টগ্রামের পাঁচ জন, রাজশাহীর একজন, খুলনার দুইজন এবং সিলেট বিভাগের ছিলেন দুইজন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৫৬ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৭২ শতাংশ। আর মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৬০ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। এখন পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৩৯ জন (৭৭ দশমিক ৩৯ শতাংশ) ও নারী ১ হাজার ১৮০ জন (২২ দশমিক ২১ শতাংশ) ছিলেন।

এমবি