গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে খুলনায় মানবাধিকার সংগঠন ‘অধিকার’ র্যালি ও মানববন্ধন করেছে।
রোববার ‘অধিকার’ খুলনা ইউনিট এ র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে সভাপতিত্ব করেন ‘অধিকার’ খুলনা ইউনিটের ফোকাল পার্সন মুহাম্মদ নূরুজ্জামান।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় নগরীর ফুল মার্কেট মোড় থেকে র্যালি বের হয়ে পিকচার প্যালেস মোড় ঘুরে শহীদ হাদিস পার্কে গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, গুম একটি মানবতাবিরোধী অপরাধ। দেশে বর্তমানে গুম ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এর শিকার হচ্ছেন। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে গুম, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাসহ কোনো ধরণের মানবাধিকার লঙ্ঘন মেনে নেওয়া যায় না।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, দৈনিক সময়ের খবর’র ভারপ্রাপ্ত সম্পাদক ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান, সংগঠক এস এম সোহরাব হোসেন, সমাজ সেবক শেখ নাজিমুদ্দিন আহম্মেদ, শেখ আব্দুল হালিম, শেখ আইনুল হক, হিউম্যান রাইটস ডিফেন্ডারস কে এম জিয়াউস সাদাত প্রমুখ।
এএইচ





