‘দুনিয়ায় আমি আর কিছুই চাই না। শুধু আমার সুস্থতা চাই। হাসপাতালের বেডে শুয়ে শুধুই কাঁদি, আর খোদাকে স্মরণ করি।’

দ্বিতীয় দফায় ‍ অস্ত্রোপচারের পর মঙ্গলবার (২২ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের পঞ্চম তলার ৫১৫ নম্বর কক্ষে এভাবে অনুভূতি ব্যক্ত করেছেন ‘ট্রি-ম্যান’ রোগো আক্রান্ত আবুল বাজনাদার।

তিনি বলেন, আমি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। মা, স্ত্রী ও সন্তানকে নিয়ে সৎভাবে উপার্জন করে বাঁচতে চাই। আমার মূলকথা হলো, সুস্থতা। চিকিৎসক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী আমার খোঁজখবর নিচ্ছেন। আমি দোয়া করি, খোদা যেন তাদের ভালো রাখেন।

সবাইকে ধন্যবাদ জানিয়ে আবুল বলেন, আমি আগের চেয়ে অনেকটা ভালো আছি। বিছানায় শুয়ে অনেক কথাই মনে করি। আমার সন্তান (জান্নাতুল ফেরদৌস তাহেরা) সবসময় বলে আব্বু বাড়ি চল, বাড়ি যাই। তখন আমার মনে হয়, সুস্থ হয়ে আসলে কি আমি বাড়ি যেতে পারবো?

এসময় তার স্ত্রী হালিম ও মা আমিনা বেগম পাশেই ছিলেন।

আবুল বাজনাদার আরো বলেন, চিকিৎসকরা আমাকে জানিয়েছেন, আমার চিকিৎসার জন্য এক বছরও বেশি সময় লাগবে। আরও অপারেশন বাকি আছে। পায়েও অপারেশন ‍হবে।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি আবুল বাজনাদারের ডান হাতে অস্ত্রোপচার হয়। সে সময় বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, তিন সপ্তাহ পর তার বাম হাতেও অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হবে।

৩০ জানুয়ারি ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসেন খুলনার আবুল বাজনাদার।

ওএফ