রাজধানীর ফার্মগেটের খামারবাড়ী এলাকায় চলন্ত বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে এক লাখ টাকা খুইয়েছেন এক মালয়েশিয়া প্রবাসী। অচেতন অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ভর্তি হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টুচন্দ্র দাস জানান, মালয়েশিয়া প্রবাসীর নাম মোহাম্মদ আরিফ হোসেন (২৮)। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তার চাচা দিলু মিয়া তাকে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে আসেন।

দিলু মিয়া জানান, উত্তরার জসীমউদ্দীন রোড থেকে ২৭ নং বাসে করে আজিমপুর ফেরার পথে যাত্রীবেশে ওঠা অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন।

তবে ঠিক কীভাবে অচেতন করা হয়েছে তা বলতে না পারলেও তিনি জানান, ‘বাসে আমরা পাশাপাশি সিট পাইনি। আরিফ আমার সামনের দিকে বসেছিল।

বাসটি ফার্মগেটের খামারবাড়ীতে এলে আমি আরিফকে ডাক দিতে সামনে এগোই। অনেক ডাকাডাকির পরে আরিফ সাড়া না দিলে আমি আতঙ্কিত হয়ে পড়ি। টাকার ব্যাগটাও দেখি উধাও। পরে আরিফকে নিয়ে আমি ঢাকা মেডিকেলে চলে আসি।’

দিলু মিয়া আরও জানান, তিনি ও তার ভাতিজা আরিফ দুজনেই মালয়েশিয়া প্রবাসী। কয়েক দিন পর তাদের মালয়েশিয়া চলে যাওয়ার কথা ছিল।

সোমবার সকালে তারা টিকিট কনফার্ম করতে উত্তরার একটি এভিয়েশন ফার্মে গিয়েছিলেন। কিন্তু টিকিট কনফার্ম করতে না পেরে তারা ফিরে আসেন।

দিলু মিয়া ও তার ভাতিজা রাজধানীর আজিমপুর এলাকায় রসুলবাগে থাকেন বলে জানা গেছে।

এএসআই সেন্টু জানান, আরিফকে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

এমকে