হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুইশো কার্টন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। রবিবার দিবাগত রাত দুইটার দিকে এগুলো জব্দ করা হয়।

সিগারেটের কার্টন পরিত্যক্ত অবস্থায় ৫নং ব্যাগেজ বেল্টের পাশে ট্রলির উপর পাওয়া যায়। তিনটি ব্যাগে এই সিগারেট লুকায়িত ছিলো। এর মধ্যে দুইটিতে যাত্রীর ট্যাগ পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, শুল্ক গোয়েন্দার সতর্ক উপস্থিতি টের পেয়ে যাত্রী তার মালামাল ট্রলিতে উঠানোর পরেও ফেলে চলে যায়। পরবর্তীতে, রাত আনুমানিক দুইটার দিকে পরিত্যক্ত তিনটি ব্যাগেজ কাস্টমস হলে নিয়ে আসা হয় এবং আমদানি নিষিদ্ধ ৪০,০০০ শলাকা সিগারেট আটক করা হয়। পণ্যের শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ১২ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, লাগেজের ট্যাগ অনুযায়ী যাত্রী শনাক্ত করা হবে। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

এমএনজে