নিউইয়র্কে ২০১৭ সালে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত ২৬তম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন কথাসাহিত্যিক ফেরদৌস সাজেদীন।
মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিত সাহা জানান, গত ১২ নভেম্বর জ্যাকসন হাইটসে বইমেলার কার্যকরী কমিটির এক সভায় ২০১৬ সালের আহ্বায়ক লেখক-সাংবাদিক-প্রাবন্ধিক হাসান ফেরদৌস কথাসাহিত্যিক ফেরদৌস সাজেদীনের নাম প্রস্তাব করলে সর্বসন্মতিক্রমে তা গৃহীত হয়।
সভাসূত্র জানায়, জুন মাসের প্রথম সপ্তাহে ২৫তম বইমেলার আয়-ব্যয়ের হিসাব দাখিল এবং বইমেলার বিস্তারিত বিশ্লেষনের পর এটি ছিল কার্যকরী কমিটির দ্বিতীয় সভা।
এ সভায় আলোচ্য সূচী ছিল মুক্তধারা প্রবর্তিত আজীবন সম্মাননা পুরস্কার হস্তান্তর, ২০১৭ সালের বইমেলার তারিখ নির্ধারণ, বইমেলার আহ্বায়ক ক নির্বাচনসহ প্রস্তুতি কমিটি গঠন।
বিদায়ী আহ্বায়ক হাসান ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সউদ চৌধুরী, নিনি ওয়াহেদ, ফাহিম রেজা নূর, আদনান সৈয়দ, শামস আল মমীন, তানভীর রাব্বানী, রানু ফেরদৌস, সেমন্তী ওয়াহেদ, সাবিনা হাই উর্বি, আলপনা গুহ, আতিক কাজী, মোশাররফ হোসেন, গোপাল সান্যাল, স্বপ্ন কুমার, জাকিযা ফাহিম, শিউলী হাজী, পপি চৌধুরী, মণিজা রহমান ও বিশ্বজিত সাহা।
এছাড়া মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টা ডঃ নূরন নবী, জামাল উদ্দীন হোসেন ও কার্যকরী কমিটির চেয়ারম্যান রোকেয়া হায়দার ও ভাইস চেয়ারম্যান ড. জিয়াউদ্দীন আহমেদ বইমেলার নতুন আহ্বায়ক অভিনন্দন জানিয়েছেন।
আগামী ৩ ডিসেম্বর শনিবার মুক্তধারা ফাউন্ডেশনের পরবর্তী সভায় বইমেলার তারিখ ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মুক্তধারা আজীবন সম্মাননা পুরস্কারের জন্য ৩ লাখ টাকা প্রদাণ করার জন্য নিউইয়র্কের রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হোসেনকে ধন্যবাদ জানানো হয়।
এদিকে, দায়িত্ব গ্রহণের পর নিউইয়র্কে ২০১৭ সালে অনুষ্ঠিতব্য ২৬তম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার নব নির্বাচিত আহ্বায়ক ফেরদৌস সাজেদীন এক প্রতিক্রিয়ায় বলেন, নিউইয়র্কের বইমেলার ২৫ বছরের সাফল্যকে অবলম্বন করে বহির্বিশ্বে বাংলা সাহিত্যের যে ব্যাপক কাজ চলছে তার সঙ্গে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের পাঠক-পাঠিকা ও সাহিত্যানুরাগীদের সেতুবন্ধন তৈরী করতে বিশেষ ভূমিকা রাখবেন।
তিনি বহির্বিশ্বে মহামিলনের কেন্দ্রস্থল এই বইমেলাকে সহযোগিতা করার জন্য সকলের কাছে বিনীত আবেদন রাখেন।
উল্লেখ্য, কথাসাহিত্যিক ফেরদৌস সাজেদীন দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করেন এবং নিয়মিতভাবে বাংলা সাহিত্য চর্চা করে চলেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে উপন্যাস ম্বপ্নকক্ষ, স্পৃহা, তবু অনন্ত জাগে, শশীকলা, পুরষ, ছিঃ, রিপুকথা, উইন্টিশ, রি। স্মৃতিমূলক গ্রন্থ রকিং চেয়ার, কলাম গ্রন্থ রোদেলা কপাট ভেজা টান, আসা যাওয়ার পথের ধারে এবং গল্পগ্রন্থ খরা।
সাখাওয়াত হোসেন সেলিম/এমএনজে





